মঙ্গলবার যা যা হল
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে আগামী দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
- বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানি মামলা গ্রহণ ও তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির চেয়ারম্যানসহ ১২ জন সদস্য পদত্যাগ করেছেন।
- আর্ন্তজাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই আছেন বলে নিশ্চিত করেছেন দেশটির শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।
- বাজারদর স্থিতিশীল রাখতে সাময়িকভাবে সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
- দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারও সরকারি ছুটি থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের লোকজন
কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ শিকারে যাওয়া পাঁচ জেলেকে মিয়ানমারের লোকজন ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার তাদের ধরে নিয়ে যাওয়ার পর বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তাদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর আমাদের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ শুরু করেছি। আমরা চেষ্টা করছি তাদের ছাড়িয়ে আনার”।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে।
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ১৯৩ জনে দাঁড়ালো।
এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৩৮ হাজার ৭৮৯ ডেঙ্গু রোগী।
এতে আরো জানানো হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭০৭ জন। বাকি ১ হাজার ৬৭৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে আগামী দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আব্দুর রশিদকে আগামী ১৪ অক্টোবর যোগদান অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে এ পদে নিয়োগ প্রদান করা হল।
অবসরে যাওয়া মি. রশিদকে গত ১৭ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তখন দুই বছরের জন্য তাকে ওই পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছিল।
এর আগে গত বছরের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সিনিয়র সচিব মাহবুব হোসেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন মি. রশিদ।

0 মন্তব্যসমূহ