পুলিশ-বিজিবি-আনসারে বড় নিয়োগ আসতেছে


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন– কর্মস্থলে না ফেরায় শিগগিরই পুলিশ, বিজিবি ও আনসারে বড় নিয়োগের ঘোষণা আসছে। ইতোমধ্যে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজ-কালের মধ্যে উপপন্তরিদর্শক (এসআই) নিয়োগেরও বিজ্ঞপ্তি যাবে।


আজ মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ রিফর্মের কাজ চলছে। এ জন্য কমিটি করে দেয়া হয়েছে। তারা একটি রিপোর্ট করবে। সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। যারা এখনও দায়িত্বে যোগ দেয়নি, তারা এখন আর পুলিশ নেই। তারা আমাদের কাছে এখন অপরাধী।


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেয়ার, সবই নেয়া হবে। আশা করব, এবারের পূজা আগের বারের চেয়ে অনেক ভালো হবে। এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি যেটা হয়েছে, সেটা সন্তোষজনক। যত দিন যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।


পূজার ছুটি তিনদিন করার দাবি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। এমনকি পূজার তিনদিন ছুটি করা নিয়ে আমি কোনোদিন বলিনি। এটা আমার পারভিউয়ের (আওতায়) মধ্যে পড়ে না।


/এএম